আজ পাওয়া যাবে আইসিসির জবাব

দৈনিক প্রথম আলো রিপোর্ট।। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আজ সোমবার পাওয়া যাবে আইসিসির জবাব। এরপরেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি না। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার কথায় বুঝিয়ে দিয়েছেন, ভারতের অন্য কোন ভেন্যুতেও খেলতে রাজি নয় বিসিবি।

নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। সেই চিঠির জবাব এখনও পায়নি বিসিবি। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘না, আমরা এখনও কোনো জবাব পাইনি। আমরা ওটা যতগুলো লিংক দরকার বা যতগুলো তথ্য দেওয়ার সব দিয়েছি। তো আমরা অপেক্ষা করছি আইসিসি কী জানায়।’ কবে নাগাদ আইসিসি চিঠির জবাব দিয়ে সেটা নিয়ে বুলবুল বলেন, ‘মানে সহজ অঙ্ক হিসেব করলে আজকে (গতকাল)- কালকে (আজ) তো দুবাই বন্ধ। হয়তো সোম-মঙ্গলবারের দিকে আসতে পারে ইনশাআল্লাহ।’

ফিরতি চিঠিতে আইসিসি যদি ভারতে খেলতে বলে, সেক্ষেত্রে বিসিবির সিদ্ধান্ত কী হবে? সেই প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। আপনারা জানেন আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের নির্দেশ ও সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এবং যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখন সেখানেই আছি।’ তবে আইসিসির ফিরতি চিঠি না আসা পর্যন্ত চূড়ান্ত কিছু জানাতে চান না জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে কিছু বলতে পারছি না, চিঠিটা না আসা পর্যন্ত।’